Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeখেলাধুলাআবার সেই মেসি জাদু! ফ্রি–কিক গোলে ইন্টার মায়ামির ঐতিহাসিক জয়

আবার সেই মেসি জাদু! ফ্রি–কিক গোলে ইন্টার মায়ামির ঐতিহাসিক জয়

ফ্রি–কিক থেকে লিওনেল মেসির গোল — যেন দেজা ভ্যু! বারবার দেখা সেই চেনা দৃশ্যই আবারো দেখা গেলো ক্লাব বিশ্বকাপের মঞ্চে। আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও মেসির অসাধারণ ফ্রি–কিক গোলে ২–১ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি।

ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় পোর্তো। বলের দখল এবং আক্রমণেও এগিয়ে ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের এই ক্লাব। ৪৭ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। আর ৫৪ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের বাইরে মেসির ফাউলের পর পাওয়া ফ্রি–কিক থেকে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

এটি ক্যারিয়ারের ৬৮তম সরাসরি ফ্রি–কিক গোল এবং ইন্টার মায়ামির হয়ে ৫০তম গোল। এই অর্জন করতে লেগেছে মাত্র ৬১ ম্যাচ। মেসির চেয়ে ফ্রি–কিক গোলে এগিয়ে আছেন কেবল ব্রাজিলিয়ান কিংবদন্তি জুনিনিও (৭৭) ও পেলে (৭০)।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোয় ওঠার দারুণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইন্টার মায়ামি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় অবস্থানে। একই পয়েন্ট পালমেইরাসেরও, তবে গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিলিয়ান ক্লাবটি। গ্রুপের শেষ ম্যাচে ২৩ জুন পালমেইরাসের মুখোমুখি হবে মেসির দল।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘পুরো দল দারুণ পরিশ্রম করেছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক জয়।’

মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো প্রশংসা করে বলেন, ‘মেসি শুধু গোল করে নয়, তার জয়ের ক্ষুধা ও লড়াইয়ের মানসিকতা দলকে অনুপ্রাণিত করে। ইতিহাসের সেরা ফুটবলার হওয়া সত্ত্বেও তার তীব্র আকাঙ্ক্ষা সত্যিই বিস্ময়কর।’

এভাবেই মেসির জাদুতেই ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারানোর ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments