আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নাগরিক সেবার অচলাবস্থা কাটাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম নিজের তত্ত্বাবধানে পরিচালনার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ডিএসসিসির মেয়রপদপ্রার্থী ইশরাক হোসেন।
সোমবার (১৬ জুন) দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ইশরাক জানান, আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণা করা হলেও সরকার এখনো শপথ করানোর উদ্যোগ নেয়নি। এই অবস্থায় আন্দোলন চলমান থাকলেও মশক নিধন, জন্ম-মৃত্যু সনদ ও নাগরিক সেবা অব্যাহত রাখার জন্য ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। তাই মশক নিধন কার্যক্রম চালু রাখতে এবং নাগরিক দুর্ভোগ লাঘব করতে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করা হবে।’
তিনি আরও জানান, মঙ্গলবার ৭০টির বেশি ওয়ার্ড সচিবের সঙ্গে এবং বুধবার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া জন্ম-মৃত্যু ও নাগরিক সনদ ওয়ার্ড সচিবদের মাধ্যমে নিয়মিতভাবে সরবরাহ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইশরাক সরকারের প্রতি দ্রুত শপথ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার যদি জনগণের প্রতি আস্থা রাখতে চায়, তাহলে নিরপেক্ষতা বজায় রেখে আদালতের রায় বাস্তবায়ন করবে। অন্যথায় আন্দোলন চলতে থাকবে।’


