ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক লন্ডন বৈঠক নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া ও সমালোচনার জবাবে কঠোর ভাষায় পাল্টা প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, “এই বৈঠক নিয়ে অনেকের মনে জ্বালা ধরেছে। ভাই, আপনাদের কেন এই জ্বালা? আপনাদের উদ্দেশ্য কী?”
আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে মতামত
রিজভী বলেন, “রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা চালানো যায়? এপ্রিলে নির্বাচন হলে কখন প্রচারণা হবে, কখন নমিনেশন জমা হবে, কখন আইনি প্রক্রিয়া চলবে? এমন সময়ে নির্বাচন দরকার, যখন ধর্মীয় বা আবহাওয়াগত কোনো বড় বাধা থাকবে না। ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ হবে উপযুক্ত সময়। ওই সময়ে আবহাওয়া ভালো, কোনো উৎসব নেই, বৈশাখি কালবৈশাখীও নেই।”
ইতিহাস টেনে রাজনৈতিক পক্ষগুলোকে আক্রমণ
সমাবেশে বিএনপির এই নেতা বলেন, “কিছু রাজনৈতিক বন্ধু বলেছেন লন্ডনের বৈঠকে নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। আমি বলব, নিজেদের ইতিহাস আগে দেখুন। পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি। ’৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছেন। ১৯৮৬ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে গিয়েছেন। আবার ’৯৫ সালে তার বিরোধিতায় নেমেছেন। ৫ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। তাহলে আপনাদের রাজনীতিটা কী নিয়ে?”
দলের নেতাদের উপস্থিতি
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান এবং সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান।
নেতারা সবাই সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করার এবং দলকে তৃণমূলে সংগঠিত করার আহ্বান জানান।


