Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়উন্নয়ন প্রকল্পে নদীর প্রবাহ রক্ষার নির্দেশ প্রধান উপদেষ্টার, পরিবেশ-জনস্বার্থ-আন্তর্জাতিক সংযোগকে অগ্রাধিকার

উন্নয়ন প্রকল্পে নদীর প্রবাহ রক্ষার নির্দেশ প্রধান উপদেষ্টার, পরিবেশ-জনস্বার্থ-আন্তর্জাতিক সংযোগকে অগ্রাধিকার

দেশব্যাপী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন’ প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে তা পরিবেশ, অর্থনীতি এবং জনজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। বন্যাপ্রবণ এই দেশে উন্নয়ন প্রকল্প নিতে হলে অবশ্যই পানিপ্রবাহ এবং স্থানীয় জনসংখ্যা পরিস্থিতিকে বিবেচনায় রাখতে হবে।”

এ সময় তিনি আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন — নদীপ্রবাহ রক্ষা, জনসংখ্যা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় প্রকল্প গ্রহণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সংযোগ জোরদার।

এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জোং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিদল প্রকল্পের রূপকল্প ও বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। এছাড়া সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পূর্ববর্তী হাওর অঞ্চলে প্রকৃত পরিবেশগত মূল্যায়ন ছাড়া উন্নয়ন কাজের নেতিবাচক অভিজ্ঞতা তুলে ধরে, পরিবেশবান্ধব উন্নয়নের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেন।

প্রধান উপদেষ্টা উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি এবং একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দেন। একইসঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগ হাব গড়ার লক্ষ্যে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে উদ্যোগ নিতে বলেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা দেশের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জনস্বার্থ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments