বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৯ নেতাকর্মী বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় খালাস পেয়েছেন। সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলার পর্যবেক্ষণে বিচারক জানান, অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তাই আসামিদের খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালে হরতালের সময় রাজধানীর সূত্রাপুর এলাকায় একটি লেগুনা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ৫ জন দগ্ধ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সাদেক হোসেন খোকার মৃত্যুর কারণে পরবর্তীতে তার নাম মামলার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
রায়ের পর শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “বিএনপির বহু নেতাকর্মী এখনো আওয়ামী লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় হয়রানির শিকার। এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের প্রয়োজন ছিল।”
বিএনপি নেতারা এ রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে উল্লেখ করেন।


