লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (৫২)। আড়াই মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল উপজেলার চর-আবাবিল ইউনিয়নের উদমারা এলাকায় মসজিদের পাশে জুয়ার আসর ও মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা জাহাঙ্গীর আলমের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী রাজিয়া বেগম লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ ও ২০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলার আবেদন করেন। আদালত রায়পুর থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ ইতিমধ্যে দুই আসামি—সাব্বির হোসেন (২১) ও রহিম উদ্দিন (৩০)—কে গ্রেপ্তার করেছে। রবিবার (১৫ জুন) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।’
জাহাঙ্গীর আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


