Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeআন্তর্জাতিকইরান ইস্যুতে উত্তেজনা: প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু, হামলার শঙ্কা তীব্র

ইরান ইস্যুতে উত্তেজনা: প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু, হামলার শঙ্কা তীব্র

যুক্তরাষ্ট্র ও ইরান সংকট নতুন মোড় নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে একাধিক বি-২ স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। যদিও এটি ইরানে সরাসরি হামলার প্রস্তুতি নাকি কূটনৈতিক চাপ তৈরির কৌশল—তা স্পষ্ট নয়। তবে এ ঘটনাকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

খবরে বলা হয়, মিজৌরির হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে বি-২ বোমারু বিমানগুলো উড্ডয়ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফ্লাইট ট্র্যাকার জানিয়েছে, বিমানগুলো গুয়াম বা ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে যেতে পারে। তবে নিউইয়র্ক টাইমস এখনও এর সুনিশ্চিত তথ্য দেয়নি।

আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, দিয়েগো গার্সিয়ায় এই বিমানগুলো মোতায়েনের মানে হচ্ছে, এখান থেকে উড়ে মাত্র একবার জ্বালানি ভরেই ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রাখে। এই বি-২ বিমানগুলো ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা বহন করতে পারে, যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যবহারের আশঙ্কা রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছেন। তবে ইতোমধ্যে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন বলেও জানা গেছে। পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দ্রুত যুদ্ধাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিষয়টির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্য ও বিশ্ব শক্তিগুলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments