রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে— এমন কোনো প্রমাণ রাশিয়া বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই পায়নি। শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুতিন বলেন, “আমরা বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি যে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে — এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। বরং ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনায় সহায়তা করতে রাশিয়া প্রস্তুত। এটি ইরানের ন্যায্য অধিকার।”
এ সময় তিনি আরও জানান, ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং কিছু বাস্তবসম্মত প্রস্তাবও দিয়েছে। তবে সেই প্রস্তাবের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এক অর্থনৈতিক ফোরামেও পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষা এবং যুদ্ধ পরিস্থিতি এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে মস্কো।
বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে রাশিয়ার এ অবস্থান মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


