মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শনিবার ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইরান। এর মধ্যে দুইজন ইসরায়েলি পাইলটকে জীবিত আটক করার দাবি জানিয়েছে তারা। যদিও এখন পর্যন্ত ইরানের সরকারি সূত্র থেকে একটি বিমান ধ্বংসের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে।
ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে এবং এর পাইলটকে আটক করা হয়েছে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’ দাবি করেছে, শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় মোট তিনটি ইসরায়েলি বিমান ভূপাতিত হয়েছে। এর মধ্যে এক বিমানের পাইলট নিহত এবং অপর দুইজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন জানান, ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ৭০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলা চালানো হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরানের অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইসরায়েল।
বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে। ইরান ও ইসরায়েলের এই সামরিক অভিযানের প্রেক্ষিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক তেলের বাজারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই মুহূর্তে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আরও বড় ধরনের পাল্টা হামলার ইঙ্গিতও দিয়েছে।
বিশ্ব নেতারা এ পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছেন। তবে পরিস্থিতি দ্রুত কোন দিকে মোড় নেবে, তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে আন্তর্জাতিক মহলে।


