রংপুরে যৌতুকের দাবিতে রেজওয়ানা দিল আফরোজ (২২) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার সকালে মারা যান তিনি।
নিহত রেজওয়ানার বাবার অভিযোগ, জামাতা আব্দুল করিম পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন। গত ৮ জুন বিকেলে তর্কের একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তার মেয়ের শরীরে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
মৃত্যুর পর থানায় অভিযোগ জানালেও মাহীগঞ্জ থানা পুলিশ শুরুতে মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ স্বজনদের। তারা জানান, পুলিশ একপর্যায়ে আত্মহত্যা বলে দাবি করে মামলা নিতে অস্বীকৃতি জানায়। স্বজনরা লাশ দাফন না করে থানার সামনে অবস্থান নিলে পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়।
মাহীগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস মামলায় ঠিকানা সংক্রান্ত ভুলের অজুহাত দেন। তবে রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মারুফ আহমেদ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছেন এবং মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদেরও মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্বজন ও স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং থানা পুলিশের ভূমিকার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।


