সন্ত্রাস, মাদক ও অপকর্ম পরিহার করে একটি সুন্দর ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত হামদ, নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ্যানি বলেন, “আমরা এই সমাজকে সুন্দর ও ভালো দেখতে চাই। এজন্য শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকব। এই প্রজন্মই দেশের ভবিষ্যৎ—তাদের সঠিকভাবে গাইড করতে না পারলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। জুলাই আন্দোলনে তারা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে, তরুণরাই পরিবর্তনের শক্তি।”
তিনি আরও বলেন, “ভ্যানগার্ড সংগঠন যে সামাজিক উদ্যোগ নিয়েছে তা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। গত ১৭ বছরে সমাজে এক ধরনের অবক্ষয় নেমে এসেছে—মাদক, সন্ত্রাস, রাহাজানি ও অপকর্ম আমাদের সমাজকে ট্রমায় ফেলে দিয়েছে। এখন সময় এসেছে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে সেই অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার, আর সেই পথ দেখাচ্ছে ভ্যানগার্ড।”
অনুষ্ঠানে ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


