লক্ষ্মীপুর সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক যুবক। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হামলাকারী সুমন হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি ওই এলাকার গনি মিয়া মেস্তুরি বাড়ির ফয়েজ আহম্মেদের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার জানান, সকালে নেশাগ্রস্ত অবস্থায় সুমন বিদ্যালয়ের বাথরুমে প্রবেশের চেষ্টা করেন। শিক্ষার্থীরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রথমে লাইব্রেরিতে গিয়ে অশালীন ভাষায় গালাগালি করেন এবং পরে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এসময় শিক্ষক শারমিন আক্তার, সেতারা পারভিন এবং শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মো. ইয়াছিন ও অনুশ্রী রানী দাসসহ অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয়দের হস্তক্ষেপে হামলাকারীকে আটক করা সম্ভব হয়। হামলার সময় বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক হাসিনা আক্তার ঘটনার পর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ সুমনকে গ্রেপ্তার দেখিয়েছে।
সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক মাদকাসক্ত। তবে কী কারণে তিনি বিদ্যালয়ে হামলা চালিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”


