ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৭টি দেশ, যা মোট সদস্যের ৮১ শতাংশ। সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা ও বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও মেক্সিকোও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। খবর আলজাজিরা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। ফলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
ফিলিস্তিন ১৯৮৮ সালের ১৫ নভেম্বর স্বাধীনতা ঘোষণা করে। এর একদিন পর, ১৬ নভেম্বর, বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রথম দিককার দেশগুলোর মধ্যে জায়গা করে নেয়।
স্বীকৃতি প্রদানের তালিকা থেকে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে।
- ২০২৫ সালে ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা, বেলজিয়াম, পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মেক্সিকো স্বীকৃতি দেয়।
- ২০২৪ সালে আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেনসহ নয়টি দেশ যুক্ত হয়।
- এর আগে ২০১৪ সালে সুইডেন, ২০১৮ সালে কলম্বিয়া এবং ২০১৯ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল।
১৯৮৮ সালে স্বাধীনতার ঘোষণার পরপরই বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন, রাশিয়া, মিশরসহ বহু এশিয়ান ও আফ্রিকান দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়।
আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের সংগ্রামে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠছে। তবে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব মীমাংসায় বড় বাধা হিসেবেই থেকে যাচ্ছে।


