প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় সংসদের সব ৩০০ আসনের ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে করে যারা নির্বাচনের সময় ‘মব’ তৈরি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তারা কোনো সুবিধা নিতে পারবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, “৩০০ আসনে একসঙ্গে ভোট হলে যারা মব সৃষ্টি করে, তারা নিজেদের এলাকায় ভাগ হয়ে যাবে। তখন একসঙ্গে এত লোক পাওয়া যাবে না। ফলে মব সৃষ্টি করে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগও থাকবে না।”
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কমিশনের প্রস্তুতি, মব পরিস্থিতির প্রভাব এবং নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মনোভাব নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সিইসি নাসির উদ্দীন জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনী চিঠি পাওয়ার পর থেকেই কমিশন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমরা চাই, কেউ যেন বলতে না পারে যে নির্বাচন কমিশন প্রস্তুত ছিল না। এবার কোনো দোষ বা দায় কমিশন নেবে না।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন, যা একটি ইতিবাচক দিক। কমিশনও আশাবাদী যে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাবে।
নির্বাচনে কালোটাকা ব্যবহারের বিষয়ে সিইসি বলেন, “পুরোপুরি বন্ধ করা কঠিন, তবে নিয়ন্ত্রণে রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।” এ ছাড়া এবার প্রবাসীদের ভোটাধিকার কার্যকরে বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গুজব প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে গুজব তৈরি করার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তাই গুজবে কান না দিয়ে সত্য তথ্যের ওপর আস্থা রাখতে হবে।”
সবশেষে সিইসি নাসির উদ্দীন বলেন, “আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”


