ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ্মীপুর থেকে গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধান ও দায়ীদের বিচার দাবি করেছেন তাদের স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন। মানববন্ধনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। তারা গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনা ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের দু’বারের চেয়ারম্যান ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার বলেন, “২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আমার স্বামীকে চট্টগ্রামের পতেঙ্গায় এক আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। তারপর থেকে তার কোনো সন্ধান নেই।”
তার ছেলে ইমন ওমর বলেন, “আমরা ১০-১২ বছর ধরে বাবার খোঁজ চাইছি। নতুন স্বাধীন দেশে এক বছর পেরিয়ে গেলেও গুমের শিকারদের সন্ধান পাইনি। আমরা শুধু চাই বাবাসহ অন্যদের জীবিত বা মৃত যেভাবেই থাকুক, তাদের হদিস দেওয়া হোক।”
হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম স্বাধীন বলেন, “২০১৩ সালের ১৫ ডিসেম্বর বাবাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর আয়না ঘর থেকে অনেককে মুক্তি দেওয়া হলেও আমরা আশাহত হয়ে বাবার অপেক্ষায় আছি। সরকারের কাছে আমাদের দাবি—আমাদের প্রিয়জন জীবিত না মৃত, অন্তত সেই খবরটা দেওয়া হোক।”
স্বজনরা বলেন, গুম হওয়া মানুষের ফেরার অপেক্ষায় পরিবারগুলো দিন কাটাচ্ছে দুঃসহ কষ্টে। তাদের দাবি—গুমের শিকার সকল মানুষের সন্ধান প্রকাশ এবং দায়ীদের বিচারের আওতায় আনা।


