প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো শক্তি বা পরিস্থিতি ভোট দেরি করাতে পারবে না।
শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “চিফ অ্যাডভাইজার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ইলেকশন কমিশনও একই কথা বলেছে। আমাদের সব প্রতিষ্ঠান নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছে। রোজা শুরু হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হবে। যারা সন্দেহ ছড়াচ্ছেন, তাদের বলব—এখনই থামুন।”
তিনি আরও বলেন, “বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে। সম্ভাব্য প্রার্থীরা ভোটের জন্য মানুষের দুয়ারে যাবেন, নির্বাচনি অফিস খুলবেন। তখন কারও মনে সন্দেহ থাকলেও তা কেটে যাবে।”
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে প্রেস সচিব বলেন, “মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। রাব্বি ছাত্রদলের নেতা ছিলেন, যুবলীগের খুনি বাহিনীর হাতে নিহত হয়েছেন। আল আমিন ঢাকায় ছোট ব্যবসা করতেন, তাকেও গুলি করে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্তভাবে কথা বলতে পারছি। সামনে সুন্দর নির্বাচন হবে, এটাই তাদের প্রতি আমাদের সেরা সম্মান।”
তিনি জানান, ছুটি নিয়ে তিনি নিহতদের কবর জিয়ারতে এসেছেন এবং বাকি শহীদদের কবরেও যাবেন সম্মান জানাতে।


