বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও স্বৈরাচারী মনোভাব নিয়ে একটি অরাজনৈতিক দলে পরিণত হয়েছে। শেখ হাসিনা জনগণের বন্ধু না হয়ে গণশত্রুতে পরিণত হয়েছেন।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
এ্যানী বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিবাদী শাসকের দল। স্বাধীনতার পর থেকে তারা প্রকৃত রাজনৈতিক দলে রূপ নিতে পারেনি। গত ১৭ বছরে বর্বর শাসন, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। উন্নয়নের অগ্রাধিকার দেখিয়ে গণতন্ত্রকে উপেক্ষা করেছে কেবল দুর্নীতি করার জন্য।”
তিনি অভিযোগ করেন, “এই সময়ে মা-বোনেরাও নির্যাতনের শিকার হয়েছে। শেখ হাসিনা কারও প্রতি দয়া দেখাননি। দেশ শাসনে জনগণের কল্যাণ নয়, বরং পিতার হত্যার প্রতিশোধ নেওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন।”
বিএনপির এই নেতা আরও বলেন, “আজ ১৫ আগস্ট নিয়ে তারা জনমনে দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ বা শেখ মুজিব পরিবার জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।”
সভায় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনসহ আরও অনেকে।


