বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্ব ও অবস্থানকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর নীতি ছিল—”বিদেশে বন্ধু আছে, প্রভু নেই”। সেই ধারাবাহিকতায় তারেক রহমান নির্বাচনের আগে পরিকল্পনা করছেন, যাতে ১৮০ দিনের মধ্যে ১-২ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এ্যানি অভিযোগ করেন, “শেখ হাসিনা শুধু স্বৈরশাসক নন, তিনি ফ্যাসিবাদী ও মাদকের নেত্রী ছিলেন। যুব সমাজকে ধ্বংস করার নেপথ্যে তিনিই মূল ভূমিকা রেখেছেন। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পাশের দেশের সহায়তায় মাদক দিয়ে তরুণ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো—হাসিনার অপরাজনীতি ও ফ্যাসিস্ট রাজনীতি যেন আর ফিরে না আসে।”
অনুষ্ঠানের উদ্বোধক আবুল খায়ের ভূঁইয়া বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই পরীক্ষায় সফল হলে দেশের মানুষ আবার শান্তিপূর্ণভাবে ঘরে থাকতে পারবে, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা পুনরায় ফিরে আসবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।


