প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, “নির্বাচন কমিশন যেন আগামী রমজানের আগেই এই নির্বাচন আয়োজন করে”—এ মর্মে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবে সরকার।
মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার-এ একযোগে সম্প্রচার করা হয়।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “সংস্কার, বিচার এবং একটি জাতীয় নির্বাচন আয়োজন—এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। আজ এই মহান দিনে জাতির উদ্দেশে বক্তব্য রাখার মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “এবার একটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। গণতান্ত্রিক উত্তরণ এবং জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি নতুন সরকার গঠনের পথ তৈরি করাই আমাদের এখনকার প্রধান কাজ।”
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার নানা রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশে একটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা করে। এবার সেই ধারার ধারাবাহিকতায় একটি নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার প্রতিষ্ঠা করতে চায় তারা।
বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এ ঘোষণা দেশের রাজনীতিতে একটি নতুন মাইলফলক সৃষ্টি করতে পারে।


