রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে বলেছেন, “বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে ২০২৪ সালের এই দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। এ বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
রাষ্ট্রপতি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ও ভোটাধিকার হরণসহ সকল নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিস্ফোরিত ক্ষোভের বহিঃপ্রকাশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই ছিল এ গণজাগরণের মূল লক্ষ্য।”
বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, “আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব শহীদদের, যারা স্বৈরাচারবিরোধী লড়াইয়ে প্রাণ দিয়েছেন। আমি আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো বীর জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাকে রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলে মনে করি।”
তিনি জানান, “জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও সাম্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হবে—এটাই আমার প্রত্যাশা।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।


