পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গোপন সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন বলেন, “গত এক সপ্তাহে দেশে একাধিক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলেও সেগুলো নিয়ে কোনো আন্দোলন বা প্রতিবাদ গড়ে তোলা হয়নি। অথচ শুধু মিটফোর্ডের ঘটনাকে ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এর পেছনে রয়েছে একটি গুপ্ত সংগঠন, যার মূল চালকরা শিবিরের গোপন কর্মী।”
তিনি আরও বলেন, “এই গোষ্ঠী তাদের গোপন কার্যক্রমের মাধ্যমে ‘মব’ তৈরি করে শিক্ষার পরিবেশ ধ্বংস করছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে।”
এই প্রেক্ষাপটে ‘গুপ্ত সংগঠনের অপচেষ্টা’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা’ এবং ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে ছাত্রদল রোববারই আজকের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।
পরে আজ বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, বিভিন্ন কলেজ ও থানা ইউনিটসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নাছির উদ্দিন বলেন, “আমরা এ কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। বিশৃঙ্খলা নয়, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে এই অপতৎপরতার প্রতিবাদ জানানোই আমাদের লক্ষ্য।”
ছাত্রদল সূত্র জানিয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর তৎপরতার বিরুদ্ধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।


