সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (২০ জুন) ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আল নাসরে খেলবেন রোনালদো।
এদিন ক্লাবের এক টিজার ভিডিওতে ৪০ বছর বয়সী রোনালদোকে সৈকতের ধারে হাঁটতে দেখা যায় এবং তিনি বলেন, “আল নাসর ফরএভার”। ২০২৩ সালে সৌদি আরবে পা রাখা রোনালদো সৌদি প্রো লিগের তারকাবহুল সময়ের সূচনা করেন। এরপর থেকেই ইউরোপের শেষপ্রান্তের অনেক তারকা ফুটবলার সৌদি লিগে যোগ দিয়েছেন।
গত মাসে প্রো লিগ শেষ হওয়ার পর রোনালদো ইনস্টাগ্রামে “This chapter is over” পোস্ট দিয়ে গুঞ্জনের জন্ম দিয়েছিলেন। তবে সেই জল্পনা শেষ হলো নতুন চুক্তির মাধ্যমে। উল্লেখ্য, রোনালদো গত মৌসুমে ২৫ গোল করে প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হলেও আল নাসর লিগ বা এশিয়ান চ্যাম্পিয়নস লিগ কোনো শিরোপাই জিততে পারেনি।
বিশ্বের অন্যতম মূল্যবান ফুটবল চুক্তি হিসেবে বিবেচিত রোনালদোর এই নবায়নকৃত চুক্তির অর্থমূল্য প্রকাশ না করা হলেও, এটি বিপুল অঙ্কের বলে জানা গেছে। রোনালদোর এই উপস্থিতি সৌদি ফুটবলকে অনেক দূর এগিয়ে দিয়েছে বলে মনে করছে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF), যারা আল নাসরসহ চারটি প্রো লিগ ক্লাবের মালিক।
এদিকে সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত। ফুটবল খাতে বড় বিনিয়োগ আর তারকা খেলোয়াড়দের আনায়নে ইউরোপের সঙ্গে পাল্লা দিচ্ছে সৌদি ফুটবল। তবে কেউ কেউ একে চীনা সুপার লিগের মতো সাময়িক উত্তেজনা বলে মনে করলেও, বিশ্বকাপ সামনে রেখে সৌদি ফুটবলে আরও বড় চমক আসার ইঙ্গিত রয়েছে।
২০১৮ বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলের মূল মঞ্চ থেকে সরে এসে রোনালদো যেন ক্যারিয়ারের শেষ অধ্যায়ের জন্য বিশাল আর্থিক সুবিধার সঙ্গে সৌদি লিগকে বেছে নেন। তবে এই সিদ্ধান্ত যে সৌদি ফুটবল এবং রোনালদো উভয়ের জন্যই যুগান্তকারী হয়েছে, তা ইতিমধ্যেই প্রমাণিত।


