ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর আজ এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানান, এই হামলায় এখন পর্যন্ত ৬২৭ জন নিহত এবং ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।
কেরমানপুর জানান, নিহতদের মধ্যে ৮৬.১% ঘটনাস্থলেই মারা যান, বাকি ১৩.৯% হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাজধানী তেহরানে। এছাড়া কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান এলাকাতেও উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে।
মুখপাত্র কেরমানপুর বলেন, “আমি কোনো মন্তব্য করছি না। আহত শিশু, মা ও সাধারণ মানুষের করুণ দৃশ্য বর্ণনাও করছি না—তা মানবতার বিবেচনার ওপর ছেড়ে দিলাম।”
হামলার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালগুলোতে আহতদের নিয়ে উপচে পড়া ভিড়, রক্তের জন্য আহ্বান এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে।
এই হামলার ফলে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক মহলে মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বনেতারা শান্তির আহ্বান জানাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাতের এটি এক ভয়াবহ রক্তাক্ত অধ্যায়।


