সিলেট নগরীতে তালিকাভুক্ত ‘জুলাই যোদ্ধা’ ইসলাম মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের বিরুদ্ধে। শনিবার ভোরে লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারধরে আহত ইসলাম মিয়া বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ইসলাম মিয়া আগে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। জুলাই আন্দোলনে আহত হয়ে তিনি পেশা পরিবর্তন করে একটি চায়ের দোকান চালাচ্ছেন। ঘটনার দিন ভোরে নামাজ শেষে দোকান খোলার সময় এসআই জসিম উদ্দিন এসে তাঁকে জিজ্ঞেস করেন এত সকালে দোকান খোলার কারণ। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে ইসলাম মিয়াকে মারধর করেন এবং ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইসলাম মিয়া নিজের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিলেও এসআই তুচ্ছতাচ্ছিল্য করেন বলে অভিযোগ।
ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম এসআই জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন এবং অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটি এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা (জুনেদ)। আহত ইসলাম মিয়াকে হাসপাতালে দেখতে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানও।
ঘটনাটি সিলেটের সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


