মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইল এবার ইরানের রাজধানী তেহরানে সরাসরি হামলা চালিয়েছে। আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির খবরে জানা গেছে, তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইসরাইল দাবি করেছে, তেহরানের আকাশপথ সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ‘বিজয়ের দ্বারপ্রান্তে’।
ইরানের ফার্স নিউজের বরাতে আল-জাজিরা জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ইসরাইলের একযোগে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা। এরপর পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। অপরদিকে, ইরান জানিয়েছে, ইসরাইলি হামলায় অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যার ভয়াবহতা হবে অতীতের সব যুদ্ধের চেয়ে বেশি।


