দেশের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বিএনপির বিরুদ্ধে করা মামলাকে নিজের জীবনের বড় ভুল বলে স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি দলটির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
একটি গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় হিরো আলম বলেন, ‘বিএনপির মামলার বিষয়ে যদি আমার ওপর কারও রাগ থেকে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’
ভিডিও বার্তায় নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে তিনি জানান, দেশের জনগণের জন্য বারবার লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন — তবুও পিছু হটেননি।
হিরো আলম বলেন, ‘৫ আগস্টের আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন, সবখানেই আমি ছিলাম। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখনো কোনো মন্ত্রী-এমপির সঙ্গে আপস করিনি।’
তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে মামলাটি তিনি স্বেচ্ছায় করেননি, বরং তাকে জোর করে করানো হয়েছিল। এমনকি আদালতে দাঁড়িয়েও তিনি মামলা করতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান।
আত্মসমালোচনার পাশাপাশি ভিডিও বার্তায় নিজের সীমাবদ্ধতা স্বীকার করে হিরো আলম বলেন, ‘যোগ্যতা, টাকা-পয়সা, সুন্দর চেহারা না থাকলেও দেশের মানুষের জন্য যা সম্ভব, তার চেয়েও বেশি করেছি।’
এ ঘটনায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।


