দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৩ জনের এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে।
করোনার সংক্রমণ পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


