Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতিমেয়র পদ দাবি নিয়ে ইশরাকের অবরোধ অব্যাহত, নগর ভবনে নাগরিক সেবা আংশিক...

মেয়র পদ দাবি নিয়ে ইশরাকের অবরোধ অব্যাহত, নগর ভবনে নাগরিক সেবা আংশিক চালুর ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ রোববার দুপুরে নগর ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক জানান, মেয়র পদে তার দায়িত্বপ্রাপ্তির বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত এই আন্দোলন বিরতিহীনভাবে চলবে। তবে তিনি আশ্বস্ত করেন, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি নাগরিক সেবা তাঁর তত্ত্বাবধানে চালু থাকবে। উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কাজ স্থগিত থাকবে বলে জানানো হয়।

নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ রেখে নাগরিক সেবা চালু রাখার পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে— সে বিষয়ে বিস্তারিত না জানালেও, ইশরাক জানান, বিষয়টি নিয়ে নগর ভবনের শীতলক্ষ্যা সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।

এর আগে, ১৪ মে থেকে ইশরাকের সমর্থকেরা ‘ঢাকাবাসী’র ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। ঈদের আগে বিরতি দিয়ে আবারও কর্মসূচি শুরু হয়েছে।

আজ সকাল ১০টা থেকে নগর ভবন প্রাঙ্গণে আন্দোলনকারীরা অবস্থান নেন। বেলা সোয়া ১১টার দিকে ইশরাক নগর ভবনে এসে বক্তব্য দেন। আন্দোলনের কারণে আজও নগর ভবনের মূল ভবনের প্রবেশপথে তালা ঝুলছে এবং সব ধরনের নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে।

ইশরাক সরকারকে দ্রুত এ বিষয়টি সাংবিধানিক ও আইনি ভিত্তিতে নিষ্পত্তির আহ্বান জানিয়ে বলেন, “গায়ের জোরে নয়, জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার অধিকার আমার আছে। সরকার এই অনিয়ম অব্যাহত রাখলে তারাই সংবিধান লঙ্ঘনের দায়ে পড়বে।”

আন্দোলনের ধারাবাহিকতায় আজকের কর্মদিবসেও নগর ভবন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments