মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুমকি দিয়েছেন, ইরানের আয়াতুল্লাহ শাসনব্যবস্থার প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুকে আঘাত হানা হবে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরাইল ইতিমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আঘাত হেনেছে, এবং প্রয়োজন হলে আরও আক্রমণ চালানো হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংসে পদক্ষেপ নেওয়ার কথাও জানান। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের জন্য বড় হুমকি তৈরি করছে।
অন্যদিকে, ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরাইলে অন্তত তিনজন নিহত ও বহু আহত হন। ফলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনা চরমে উঠেছে।
পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে, তেহরানকেও জ্বলতে হবে।’
বিশ্লেষকদের মতে, এ ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে গেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।


